ঢাকা: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক।
বুধবার (১১ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এহসানুল মাহবুব বলেন, ঠাকুরগাঁও জামায়াত আমির একজন ব্যবসায়ী। এয়ারপোর্টের মতো একটা সিকিউর জায়গায় এ ধরনের ঘটনা সাজানো। জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রয়াস ঘটানো হয়েছে।
তিনি বলেন, একদল সন্ত্রাসী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে আসতে না পারে সে চক্রান্ত হচ্ছে। গতকাল আমাদের আমিরের আসনে নির্বাচনি বুথ ভেঙে ফেলেছে। এছাড়া সারাদেশেই আমাদের নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটছে।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আমাদের এজেন্টদের সরিয়ে দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন এহসানুল মাহবুব জোবায়ের।
তিনি আরও বলেন, আমাদের মনে হচ্ছে প্রশাসনের একটা অংশ একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন।
জোবায়ের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এ কাজ উদ্দেশ্যপ্রণোদিত। একদল লোক ইচ্ছাকৃত ভাবে এ ধরনের নাটক সাজাচ্ছে।
পিএস