ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ভোটারের পরিমাণ কম হলেও খুবই সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সব জায়গায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, গত দুটি নির্বাচনে আমি ভোটার ছিলাম কিন্তু ভোট দিতে পারিনি। এবারই প্রথম ভোট দিলাম। এটি আমার মতো চার কোটি তরুণ ভোটারের নতুন অভিজ্ঞতা। সারাদেশের মানুষ যে উল্লাসের মধ্য দিয়ে ভোট দিতে যাচ্ছেন, সেটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
তিনি আরও বলেন, সবগুলো রাজনৈতিক দল গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা করেছে। বিএনপির চেয়ারম্যান থেকে শুরু করে সিনিয়র সব নেতৃবৃন্দ ‘হ্যাঁ’ ভোট এর কথা বললেও মাঠপর্যায়ে তারা ‘না’ ভোটের প্রচারণা করেছে। এটা তাদের রাজনৈতিক দ্বিচারিতা বলে আমি মনে করি।
জাতীয় নাগরিক পার্টির এই মুখপাত্র বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ে আমরা খুবই হতাশ। কিছু কেন্দ্রে আমাদের প্রার্থীর পোলিং এজেন্টদের বাড়িতে হামলা হয়েছে। কিন্তু এমন সংকটকালীন সময়ে আমরা যদি প্রশাসনের সাড়া না পাই তবে সেটা দু:খজনক।
পিএস