বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেসিডেন্ট চিকিৎসক হলে তালা ভেঙে একাধিক কক্ষ দখলের চেষ্টা ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের বিরুদ্ধে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের এ ব্লক ভবনে এ ঘটনা ঘটে। এ সময় বহিরাগতসহ অন্তত ২০ জন চিকিৎসকের উপস্থিতিতে ভবনের পঞ্চম তলার অন্তত ছয়টি কক্ষের তালা ভাঙা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই কক্ষগুলোতে জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম সংশ্লিষ্টরা থাকেন। অন্যদিকে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে তিনি এই বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক নন।
জানা গেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী এই হলটি আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতাকর্মীদের দখলে ছিল। গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের মধ্যে আসন ভাগাভাগি করে দেয়। এর মধ্যে বড় অংশ ড্যাবের দখলে রয়েছে।
ভুক্তভোগী চিকিৎসকদের অভিযোগ, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বহিরাগতসহ কয়েকজন চিকিৎসক এ ব্লকের একটি অংশে প্রবেশ করে বিভিন্ন কক্ষের তালা ভাঙার চেষ্টা করেন এবং ছয়টি কক্ষের তালা ভাঙতে সক্ষম হন। তখন অধিকাংশ বাসিন্দা ডিউটিতে ছিলেন। পরে তারা ফিরে এলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং কক্ষ ছেড়ে দিতে হুমকি দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত চিকিৎসকদের দাবি, তালা ভাঙার পাশাপাশি আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে এবং দুটি ল্যাপটপ ও তিনটি মোবাইল হারিয়ে গেছে। কয়েকজন রেসিডেন্টকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগও তোলা হয়েছে। তারা জানিয়েছেন, ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা গেলেও অনেকে মাস্ক পরায় সবার পরিচয় নিশ্চিত করা যায়নি।
অভিযোগ অস্বীকার করে ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান বলেন, কিছু সাধারণ রেসিডেন্ট বাইরে থাকলেও একটি ব্লক দীর্ঘদিন ধরে অন্যরা দখল করে রেখেছে। সাধারণ চিকিৎসকেরা সেখানে গেলে উল্টো তাদের ওপর চড়াও হওয়া হয়। তিনি দাবি করেন, ড্যাবের পক্ষ থেকে কেউ সেখানে যায়নি এবং তারা কেবল পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলেন।
বিকেল সোয়া ৪টার দিকে ডক্টরস হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ডা. জামাল উদ্দীন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।
এসএইচ