বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, প্রার্থী ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৬:০১ পিএম
ফাইল ছবি

ঢাকা: বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া শহর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। 

দলটির কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দায়িত্বশীল সমাবেশের মাধ্যমে বগুড়া শহর জামায়াত উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণ করে। বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনেশুক্রবার জরুরি দায়িত্বশীল বৈঠক করে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।

এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল সেই নির্বাচনে দ্বিতীয় হয়েছিলেন।

তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় উপ-নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফশিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এই আসনে ভোটগ্রহণ করা হবে। আসন্ন উপ-নির্বাচনে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে বিএনপি মনোনয়ন দিয়েছে।

বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ১০ জন। পোস্টাল ভোটারের সংখ্যা ৩ হাজার ৭৩৪ জন।

পিএস