ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, মির্জা আব্বাসকে পাটওয়ারী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১০:৩৩ পিএম

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামি-র ইফতার মাহফিল রূপ নেয় এক বিরল রাজনৈতিক মিলনমেলায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসসহ বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-ও।

ইফতার শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, অনুষ্ঠানে তিনি বিভিন্ন রাজনৈতিক নেতা, আয়োজক এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। পাশাপাশি কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে হওয়া সংক্ষিপ্ত কথোপকথনের কথাও তুলে ধরেন।

তিনি জানান, জামায়াতের আমিরের কাছে দোয়া চাইলে তিনি আশীর্বাদের পাশাপাশি দাওয়াহর কথাও বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাপে তিনি ‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গ তোলেন। জবাবে প্রধানমন্ত্রী জানান, এই উদ্যোগ শিগগিরই সারাদেশে চালু করা হবে।

এ সময় বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাসের সঙ্গে এক হালকা রসিকতাপূর্ণ কথোপকথনও হয় বলে উল্লেখ করেন পাটওয়ারী। তিনি আব্বাসকে উদ্দেশ করে বলেন, “ছোট ভাইয়ের সঙ্গে এমনটা না করলেও পারতেন।” পরে বিদায় নেওয়ার সময় আবারও একই প্রসঙ্গ টেনে পাটওয়ারী মজা করে বলেন, “ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও ছেড়ে দিতে পারতেন।”

রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিকতার বাইরে এমন অনানুষ্ঠানিক ও রসিক মুহূর্ত বিরল হলেও, ইফতার মাহফিলটি বিভিন্ন দলের নেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের একটি ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এম