জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১০:৩৩ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমেই বর্তমান সরকারের বৈধতা প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। কোনো নির্বাচিত সরকার যেন এ বাস্তবতাকে উপেক্ষা না করে—এমন সতর্কবার্তাও দিয়েছেন তিনি।

সোমবার (৯ মার্চ) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় জারি করা জুলাই সনদ আদেশের মাধ্যমেই বর্তমান সরকারের বৈধতা প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে জাতীয় সংসদ যদি পুরনো সংবিধানের অজুহাত দেখিয়ে সংস্কার কার্যক্রম থেকে পিছিয়ে যায় বা শপথ গ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যায়, তাহলে দেশে নতুন করে রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তা শুধু নির্বাচন বা অন্তর্বর্তী সরকারের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করবে না, বরং জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের আত্মত্যাগের সঙ্গেও বিশ্বাসঘাতকতা হবে।

এনসিপি আহ্বায়ক বলেন, নতুন বাংলাদেশ গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অত্যন্ত জরুরি। ইফতার মাহফিলে বিভিন্ন দলের নেতাদের উপস্থিতিকে তিনি ইতিবাচক বার্তা হিসেবে উল্লেখ করে বলেন, সংসদেও একই ধরনের ঐক্যবদ্ধ অবস্থান থেকে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার, নজরুল ইসলাম মঞ্জু, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং হাসনাত আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ইফতার মাহফিলে রাজনৈতিক সহমত ও ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কার নিয়ে নেতাদের মধ্যে আলোচনা হয় বলে আয়োজকরা জানিয়েছেন।

এম