ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “গণঅভ্যুত্থানের পর সব গণহত্যার বিচার বাংলাদেশে হবে। তবে, সেটা যথাযথ প্রক্রিয়ার করার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর ছিলাম। আমরা আজকে দাঁড়িয়েও বিচার চাইছি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আপনারা দেখেছেন, বাংলাদেশের ইতিহাসে অনেকেই সরকার গঠন করেছে, তাদের অনেক মহাপরাক্রমশালী ছিল, অনেক শক্তিশালী ছিল। তারা যখনই গণরায়ের বিরুদ্ধে গিয়েছে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা কিন্তু ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে।”
এনসিপির মুখপাত্র বলেন, “বাংলাদেশে যখন ৭০-এর নির্বাচনে গণরায় একদিকে আসে এবং ক্ষমতা দেওয়া হয় না, পরবর্তীতে ৭১-এ স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি হয়েছে। বাংলাদেশে ৯০-এও এই পরিস্থিতি হয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই হয়েছে। ১৭ বছরের নিষ্পেষণের পর মানুষ যখন কথা বলতে পারছিল না, জনগণের রায়ের বিরুদ্ধে যখন বারবার সরকার গঠন করে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে, তাদেরকেও কিন্তু পদদলিত করা হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে।”
সাবেক এই উপদেষ্টা বলেন, “এবারো গণরায়কে, গণভোটের রায়কে, জুলাই সনদকে চ্যালেঞ্জ করা হচ্ছে। গণরায়কে এক ধরনের ভূলুণ্ঠিত করে এই সরকার সামনের দিকে এগিয়ে চলতে চাইছে। বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকেও এই ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে ভূলুণ্ঠিত করতে দ্বিধা করবে না।”
পিএস