আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৯:১৭ এএম
ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে জমা দেওয়া মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাইয়ের কার্যক্রম আজ বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ এবং আগামীকাল বৃহস্পতিবার এই দুই দিনব্যাপী চলবে বাছাই প্রক্রিয়া।

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর ২টা থেকে বাছাই কার্যক্রম শুরু হবে এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের মতো এই প্রক্রিয়া চলবে।

[269324]

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই বাছাই কার্যক্রমের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্ধারিত সময়ে প্রার্থীদের দাখিলকৃত নথিপত্র ও তথ্যাদি যাচাই করবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে মনোনয়নপত্র বাছাইকালে সংশ্লিষ্ট প্রার্থী নিজে অথবা তাদের প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। 

বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে কমিশন। এরপর নির্ধারিত সময়সীমা অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচনের পরবর্তী ধাপগুলো সম্পন্ন করা হবে।

এসআই