শাহবাগ থানা এলাকায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে তিনি আহতদের উদ্দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানিয়েছেন, যা থেকে নতুন করে উত্তেজনা বা ‘মব’ সৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, দিনটিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে জন্য ছাত্রদলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হচ্ছে। তবে তাদের চারজন আহত সহযোদ্ধার প্রতি অনুরোধ, তারা যেন ইচ্ছাকৃতভাবে এমন কোনো পরিবেশ সৃষ্টি না করেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।
তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ার পর পাঁচজন শাহবাগ থানায় আসেন। তার মতে, তারা চাইলে সবাইকে সঙ্গে নিয়েই আসতে পারতেন। তিনি দাবি করেন, তাদের অন্য সদস্যদের সঙ্গে ছাত্রদলের পক্ষ থেকে কথা হলেও সংশ্লিষ্টরা সরাসরি থানায় চলে যান, কোনো আলোচনা না করেই।
রাকিব আরও বলেন, ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কিছু ফটোকার্ড ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে ধৈর্য ধরে থাকার পর তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি দেশবাসী ও ছাত্রসমাজকে আহ্বান জানান, বিষয়টি বিচার করে দেখার জন্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য-প্রচারের ধরন সম্পর্কে সচেতন থাকার জন্য।
এসএইচ