আপিলেও বাতিল মনিরা শারমিনের প্রার্থিতা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০২:৪০ পিএম
ফাইল ছবি

ঢাকা: আপিলেও টিকল না সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা।

সোমবার (২৭ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানি শেষে এমন তথ্য সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, মনিরা শারমিনের আপিল নামঞ্জুর হয়েছে। তার মনোনয়নপত্র বাতিল থাকলো।

মনোনয়নপত্র বাছাইয়ের সময় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ার কারণে রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। পরে তিনি কমিশনে আপিল করেন।

এ বিষয়ে মনিরা বলেন, সরকারি চাকরি হিসেবে আমি যে পর্যায়ে কাজ করেছি, সেখানে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। কাজেই আমি মনে করি না যে এটা মনোনয়নপত্র বাতিল হওয়ার মতো।

গত ২২ এপ্রিল জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আর মনিরা শারমিনকে চাকরি সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য ২৩ এপ্রিল দুপুর ১২টার মধ্যে সরবরাহ করার আদেশ দিয়ে তার মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়। এদিকে জোটের অন্য এক প্রার্থী এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র নির্ধারিত সময়ের ১৯ মিনিট বিলম্বে দাখিল করায় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।

এই অবস্থায় জামায়াত জাতীয় সংসদের একটি নারী আসন কম পেতে পারে। অর্থাৎ তাদের জন্য বণ্টন করা ১৩টি আসন থেকে কমে ১২টিতে দাঁড়াতে পারে। কারণ ওই আসনটি উন্মুক্ত হিসেবে নতুন তফসিলে ভোট হবে। আর সংসদে ভোট বেশি থাকায় আসনটি নিজেদের দুর্গে তুলে নিতে পারে বিএনপি জোট।

পিএস