ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের এক কর্মী সম্মেলনে তার নাম ঘোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় তরুণ এবং গ্রহণযোগ্য নেতৃত্বকে প্রাধান্য দিয়ে সাদিক কায়েমকে মনোনীত করা হয়েছে। সম্মেলনে সাদিক কায়েম সশরীরে উপস্থিত ছিলেন। তার প্রার্থিতা ঘোষণার সময় উপস্থিত ডেলিগেট ও কর্মীরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও বিভাগীয় পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা ডিএসসিসি নির্বাচনে সাদিক কায়েমকে বিজয়ী করতে এখন থেকেই সাংগঠনিক তৎপরতা জোরদার করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান। সাদিক কায়েম ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালনের সময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রেখে দেশব্যাপী পরিচিতি লাভ করেন।
এসএইচ