ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি সংসদকে অকার্যকর করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করছে। সর্বত্র দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে জামায়াত আমির বলেন, স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যার সূচনা করেছিল আওয়ামী লীগ।
তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই বিপ্লব ও সংহতি দিবসের মূল তাৎপর্য। জনগণের অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো সরকার ক্ষমতা পরিচালনা করতে পারে না।
জামায়াত আমির এ সময় আরও উল্লেখ করেন, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চান না বলেই সাত দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন তারা। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এসব দাবি আদায়ে তারা সোচ্চার থাকবেন।
এরপর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, এক সময় বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মেনে নিতে বাধ্য হয়েছিল। একইভাবে গণভোটের রায়ও তাদের মেনে নিতে হবে। জনগণের রায় উপেক্ষা করে কোনো রাজনৈতিক দল টিকে থাকতে পারবে না।
পিএস