আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের এই তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তালিকায় উপজেলা চেয়ারম্যান পদে ৫০ জন এবং পৌর মেয়র পদে ৫০ জন প্রার্থীর নাম রয়েছে।
সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি এবং সাংগঠনিকভাবে ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতিও সব আসনে পর্যাপ্ত ছিল না। তবে ১১ দলীয় জোটের অংশ হলেও স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে লড়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, জোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণ একটি দীর্ঘ প্রক্রিয়া ও সময়সাপেক্ষ বিষয় হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
সারজিস আলম আরও বলেন, যারা ফ্যাসিবাদ ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য-এমন ব্যক্তিরা অন্য রাজনৈতিক দলের হলেও এনসিপির পক্ষ থেকে প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে জানানো হয়, মাঠপর্যায়ে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হলে ঘোষিত প্রার্থীদের তালিকায় পরিবর্তন আনা হতে পারে। সেক্ষেত্রে অধিকতর সম্ভাবনাময় কাউকে মনোনয়ন দেওয়া হবে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, প্রার্থীরা এখন থেকেই স্থানীয় পর্যায়ে নির্বাচনী কাজ শুরু করবেন। তবে সরকার এখনো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সুস্পষ্ট রূপরেখা দেয়নি। এনসিপির পক্ষ থেকে দ্রুত নির্বাচনের সময়সীমা ঘোষণা করার দাবি জানান তিনি।
তালিকায় যারা আছেন:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মো. হাবিবুর রহমান হাবিব, বোদায় শিশির আসাদ এবং দেবীগঞ্জ পৌরসভায় মাসুদ পারভেজ। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়িতে ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জে মাওলানা এম এ তাফসির হাসান, ফুলবাড়ি পৌরসভায় শিহাব হোসেন, ঘোড়াঘাটে মো. আব্দুল মান্নান এবং হাকিমপুর পৌরসভায় রায়হান কবির।
নীলফামারীর জলঢাকায় আবু সাইদ লিয়ন, নীলফামারী সদরে ড. কামরুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভায় মো. মাসুম মিয়া, লালমনিরহাটের কালিগঞ্জে শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ, রংপুর সদরে কৃষ্ণ চন্দ্র বর্মণ এবং গাইবান্ধার সাদুল্লাপুরে খাদিমুল ইসলাম এনসিপির মনোনয়ন পেয়েছেন।
চট্টগ্রাম বিভাগে কক্সবাজার সদরে শফিকুল ইসলাম শফিক, উখিয়ায় মোহাম্মদ হুসাইন, চাঁদপুর সদরে রশিদ, মতলব উত্তরে ইদ্রিস, হোমনা পৌরসভায় রাজু সরকার এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আমিনুল হক এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এসএইচ