শেখ হাসিনা ফিরে আসার বিষয়ে আত্মবিশ্বাসী রুমিন ফারহানা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০৭:৫২ পিএম
ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দিক বিবেচনায় দেশে ফিরে আসবেন বলে মনে করছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তার মতে, পরিস্থিতি ও রাজনৈতিক ইতিহাস বিবেচনা করলে সাধারণ যুক্তি বা ‘কমনসেন্স’ বলে যে তিনি দেশে ফিরবেন।

বুধবার (৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রুমিন ফারহানা উল্লেখ করেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং রাজনীতিতে তার পরিবারের দীর্ঘদিনের অবদান রয়েছে। তার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ একসময় একমাত্র দল ছিল। বর্তমানে তার বয়স হয়েছে উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, তিনি যদি দেশে না আসেন তবে তার দল ও এতদিনের রাজনৈতিক ইতিহাসের অবস্থান কী দাঁড়াবে, তা বিবেচনা করলে সাধারণ যুক্তিতেই মনে হয় তিনি দেশে ফিরবেন।

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে তিনি মত দেন, শুধু নির্দিষ্ট কিছু টেলিভিশন চ্যানেলে প্রচার বন্ধ রাখলেই কারও বক্তব্য আটকানো যায় না, কারণ বর্তমানে প্রায় প্রত্যেকের হাতেই নিজস্ব গণমাধ্যম রয়েছে। আদালতের আদেশে বিএনপি নেতা তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, সেই সিদ্ধান্ত যদি অগণতান্ত্রিক হয়, তবে বর্তমান নিষেধাজ্ঞাই বা কীভাবে গণতান্ত্রিক হতে পারে।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ঘটে যাওয়া সংঘাত প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, এটি দেশের নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির স্পষ্ট ইঙ্গিত দেয়। পাশাপাশি দলগুলোর নিজেদের ছাত্রসংগঠনের ওপর নিয়ন্ত্রণের অভাব এবং পুরোনো রাজনৈতিক ধারায় ফিরে যাওয়ার প্রবণতা প্রকাশ পায়।

উপজেলা প্রশাসনের এই অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি করায় স্থানীয় বিএনপির বয়কট প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, সাধারণ মানুষের ভোটে তিনি এমপি হয়েছেন এবং বিএনপিকে এই কঠিন বাস্তবতা মেনে নিতে হবে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারবর্গকে সংবর্ধিত করা হয়।

এসএইচ