সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি জেডিপির

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০৯:১১ পিএম
ছবি: সংগৃহীত

যে বেকার তরুণ-তরুণীদের ক্ষোভের ওপর ভর করে জুলাই গণঅভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল, তাঁদের কর্মসংস্থানের বিষয়ে অন্তর্বর্তীকালীন কিংবা বর্তমান নির্বাচিত সরকার-কেউই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে। ফলে বেকার তরুণ-তরুণীরা এখনও 'আওয়ামী কাল্টের' বিরুদ্ধে অসম লড়াই চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)-এর আহ্বায়ক নাঈম আহমাদ।

বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে 'জুলাই তো হইলো, কিন্তু চাকরি পাইলো কয়জন?' শীর্ষক এক আত্মপর্যালোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় নাঈম আহমাদ প্রস্তাব করেন, বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট দেশগুলোর শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলে তরুণদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যেতে পারে। একই সঙ্গে দেশের শিল্প ও শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ‘কো-অপারেটিভ এডুকেশন’ ব্যবস্থা চালু এবং দীর্ঘমেয়াদে কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম অভিযোগ করেন, সরকার রাষ্ট্র সংস্কার ও চাকরির ওয়াদা দিয়ে ক্ষমতায় গিয়ে জুলাইয়ের আহত, শহীদ, বেকার তরুণ এবং প্রান্তিক মানুষকে ভুলে গেছে। তারা সংবিধান সংস্কার না করে সংশোধনীর মাধ্যমে সময়ক্ষেপণ করছে এবং বেকারদের কর্মসংস্থান না করে ব্যাংক লুটেরাদের পক্ষে অবস্থান নিয়েছে। একই সঙ্গে জ্বালানি, বিদ্যুৎ, তেল ও ওষুধের দাম বাড়ানোর মাধ্যমে সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে দাবি করেন তিনি।

সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে হাসনাত কাইয়ূম বলেন, অবিলম্বে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে সংসদ ভবন ঘেরাও করা হবে।

জেডিপির যুগ্ম সদস্যসচিব মাহতাব হোসেন সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আত্মপর্যালোচনা সভায় অন্যান্য রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা বক্তব্য দেন।

এসএইচ