সৌদিতে ১১ হাজার প্রবাসী বহিষ্কার, গ্রেপ্তার সাড়ে ৯ হাজার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৯:০৯ পিএম
ছবি: সংগৃহীত

অবৈধভাবে বসবাস, শ্রমবাজারের নিয়মভঙ্গ এবং সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে ব্যাপক অভিযান চালিয়েছে সৌদি আরব। কঠোর এই নিরাপত্তা অভিযানের মুখে পড়ে গত মাত্র এক সপ্তাহে ১১ হাজার ২৭২ জন প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে অভিযুক্ত আরও ৯ হাজার ৫৭৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১৭ মে) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

সৌদি আরবের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা সংস্থা ও অন্যান্য সরকারি দপ্তরের যৌথ উদ্যোগে গত ৭ থেকে ১৩ মে পর্যন্ত দেশটির বিভিন্ন প্রান্তে এই বিশেষ অভিযান চালানো হয়। আটক হওয়া ৯ হাজার ৫৭৬ জনের মধ্যে ৪ হাজার ৮৬৫ জনের বিরুদ্ধে আবাসন বা বাসস্থানসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এ ছাড়া ৩ হাজার ৩১৯ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৩৯২ জন শ্রমসংক্রান্ত অপরাধে জড়িত থাকায় গ্রেপ্তার হয়েছেন।

অভিযানের সময় অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও প্রায় ১ হাজার ৫০০ জনকে হাতেনাতে আটক করা হয়। আটক হওয়া এসব অনুপ্রবেশকারীদের মধ্যে বড় একটি অংশই প্রতিবেশী দেশ ইয়েমেনের নাগরিক। বাকিদের মধ্যে ইথিওপিয়াসহ অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন। একই সঙ্গে অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় আরও ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

যাঁদের ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে, তাঁদের পাশাপাশি সাড়ে ১৩ হাজারেরও বেশি প্রবাসীকে ট্রাভেল পারমিট বা জরুরি ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। বাকিদেরও দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই বড় ধরনের শুদ্ধি অভিযানের অংশ হিসেবে বর্তমানে ২৬ হাজারের বেশি প্রবাসী আইনি প্রক্রিয়ার আওতায় বন্দি রয়েছেন। অন্যদিকে, অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান দিয়ে আইন লঙ্ঘনে সহায়তা করার অভিযোগে ১২ জন সৌদি নাগরিক ও বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে।

এই বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অনুপ্রবেশ বা অবৈধভাবে অবস্থানকারীদের কোনো ধরনের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি এই ধরনের অপরাধমূলক কাজে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তিও বাজেয়াপ্ত করবে রাষ্ট্র।

পবিত্র হজ মৌসুম ঘনিয়ে আসার মুখে দেশটিতে অভিবাসন আইন লঙ্ঘনের বিরুদ্ধে এই চিরুনি অভিযান ও টহল কার্যক্রম আরও জোরদার করেছে সৌদি নিরাপত্তা বাহিনী।

এসএইচ