আমাদের রক্ত গরম, বয়স কম হলেও বুঝি কখন কী করতে হবে: আসিফ মাহমুদ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৭:১১ এএম

ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ করে সরকারকে হুঁশিয়ার করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি সরকারি দলের উদ্দেশ্যে বলেছেন, আপনারা যদি ভায়োলেন্স (সহিংসতা) বেছে নেন, তাহলে আমাদেরও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অন্য দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) ঢাকার দুই মহানগরের ২২৯ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দেন।

অনুষ্ঠান চলাকালে নাসীরুদ্দীনের ওপর হামলার খবর এলে সেখানে আগত নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেছেন, বিরোধী দল থেকে বারবার সদিচ্ছা দেখানো হলেও সরকারি দল সহিংসতা চাইছে। আমাদের রক্ত গরম এবং বয়স কম হলেও বুঝি কখন কী করতে হবে, কখন দেশ গড়ার দিকে কাজ করতে হবে। কিন্তু যদি সরকারি দল ‘ভায়োলেন্স’ চায়, সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না, তা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেখিয়ে দিয়েছি।

নাসীরউদ্দীনের ওপর হামলাকারীদের রাতের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়নের মাধ্যমে মোকাবিলার কৌশল নিচ্ছে। যা ভালো কিছু বয়ে আনবে না। এজন্য প্রজন্মের সঙ্গে লড়াই করতে হবে। এই প্রজন্মের সঙ্গে লড়াই করার ভুলটা শেখ হাসিনা করেছিলেন। আশা করি, একই ভুল তারেক রহমান করবেন না।

বিএনপি সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের পর থেকে খুন, ধর্ষণ ও নাগরিকের নিরাপত্তার সংকট চরমভাবে বেড়েছে। দায়িত্ব পালনে স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনীহা দেখা যাচ্ছে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ছাত্রদল–যুবদলের নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় আক্রমণ করেছে নাসীরের ওপর। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সরাসরি সম্পৃক্ত ছিলেন। 

পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশুটির বাড়িতে যাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সারজিস বলেন, এই সহমর্মিতা যদি শুধু একদিনের ইস্যু ধামাচাপা দেওয়ার খেলা হয়, পরের ছয় মাসেও যদি বিচারের দিশা খুঁজে না পাওয়া যায়, তাহলে জনগণ আর মেনে নেবে না।

সারজিস আলম বলেন, ছাত্রদল–যুবদল আমাদের সহযোদ্ধা ছিল। তাদের প্রতি শ্রদ্ধা–সম্মান দেখাতে চাই। কিন্তু তারা যদি ছাত্রলীগ–যুবলীগের মতো সন্ত্রাসী কায়দায় রাজনৈতিক আন্দোলনকে দমন করার চেষ্টা করে, তাহলে তার চেয়ে খারাপভাবে তাদের পতন হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্যসচিব শাহরিন সুলতানা ইরার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় নেতারা।

অনুষ্ঠানের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে প্রেস ক্লাবের ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাকরাইল এলাকায় গিয়ে শেষ হয়।

এম