মহাসচিব পদ নিয়ে নতুন তথ্য, বিএনপির নেতৃত্বে কে?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ০৮:২০ পিএম
ফাইল ছবি

বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে চলেছেন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করায় ২০ আগস্টের নির্বাচনটি মূলত একটি আনুষ্ঠানিকতা মাত্র। আর এই নির্বাচনের পর পরই ফাঁকা হতে যাচ্ছে বিএনপির গুরুত্বপূর্ণ মহাসচিব পদটি। ১৬ বছর ধরে এই দায়িত্বে থাকা মির্জা ফখরুলের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির জাতীয় কাউন্সিলের মাধ্যমে স্থায়ী মহাসচিব নির্বাচন করা হয়। তার আগে কোনো নেতা ভারপ্রাপ্ত হিসেবে এই দায়িত্ব পালন করতে পারেন। দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানিয়েছেন, প্রোটোকল ও নিয়ম অনুযায়ী বর্তমানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীই ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। রুহুল কবির রিজভীও জানিয়েছেন, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তিনি দলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

তবে মহাসচিব পদের বিবেচনায় রিজভী ছাড়াও একাধিক সিনিয়র নেতার নাম রাজনৈতিক মহলে আলোচনায় উঠে আসছে। স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও দুই যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি এবং হাবিব উন নবী খান সোহেলের নামও গণমাধ্যমে আসছে। যদিও দলের হাইকমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব নাম নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়নি। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সিদ্ধান্তের ওপরই চূড়ান্ত নিয়োগ নির্ভর করবে।

১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর বদরুদ্দোজা চৌধুরী, মোস্তাফিজুর রহমান, কে এম ওবায়দুর রহমান, আবদুস সালাম তালুকদার, আবদুল মান্নান ভূঁইয়া ও খোন্দকার দেলোয়ার হোসেন বিভিন্ন মেয়াদে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।

২০১১ সালে খোন্দকার দেলোয়ারের মৃত্যুর পর প্রথমে ভারপ্রাপ্ত এবং পরে ২০১৬ সালের কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় এই পদে দায়িত্ব পালন করা মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে শপথ নিলেই শূন্য হবে এই পদটি, যার পর বিএনপির নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা ঘটবে।

এসএইচ