পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বান বিরোধীদলীয় নেতার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০৯:১৭ পিএম

পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ নভেম্বর) ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর পূর্বাচলের ‘সি শেল রিসোর্টে’ কিডস ফেস্টিভ্যাল ও ফ্যামিলি গেট টুগেদার সিজন-২ অনুষ্ঠানে বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা বলেন, পেশাগত দায়িত্বের পাশাপাশি চিকিৎসকদের পরিবার ও সন্তানদের সময় দেয়াও জরুরি। এ ধরনের আয়োজন পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি জোরদার করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি ও ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, চিকিৎসকদের পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিন অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা। এ ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, ডাকসু ভিপি সাদিক কায়েম এবং জিএস এসএম ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. নুর উদ্দীন তালুকদারের পরিচালনায় দিনব্যাপী আয়োজিত ওই অনুষ্ঠানে কিডস ফেস্টিভ্যাল ও ফ্যামিলি গেট টুগেদারে শিশুদের বিভিন্ন রাইডস ও কিডস জোন, খেলাধুলা, পিঠা উৎসব, নাটিকা, সংগীত, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ার বলেন, চিকিৎসক ও তাদের পরিবারের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদার করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। পাশাপাশি ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, কর্মব্যস্ত চিকিৎসকদের মানসিক প্রশান্তি ও পারিবারিক সময় কাটানোর জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত ইতিবাচক।

অন্যদের মধ্যে প্রধান আলোচক মুফতি আলী হাসান উসামা বলেন, আদর্শ সমাজ গঠনে আদর্শ পরিবারের বিকল্প নেই। শিশুদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে। এ ছাড়া ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে আনন্দময় পরিবেশ তৈরি করা অত্যন্ত প্রয়োজন।

এদিন অনুষ্ঠানে ন্যাশনাল ডক্টরস ফোরামের সদস্যবৃন্দ ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

এম