ডিসেম্বর ঘিরে বিএনপি প্রস্তুতি শুরু, সক্রিয় নেতাকর্মীরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৩:২০ পিএম
ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে গতকাল বৃহস্পতিবার রাজপথে সক্রিয় অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। দলীয় সূত্র ও নেতাকর্মীদের মতে, দলের প্রধান তারেক রহমানের নির্দেশনার পর নিজেদের মধ্যকার মনোমালিন্য ও মতভেদ ভুলে মাঠে নেমেছেন তাঁরা। কর্মসূচিতে দীর্ঘদিনের নিষ্ক্রিয় নেতাকর্মীদের পাশাপাশি দল থেকে বহিষ্কৃত কয়েকজন নেতাকেও দেখা গেছে।

নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতা মোকাবিলায় দলীয় প্রধান তারেক রহমান সবাইকে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন। গত বুধবার জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পরপরই তিনি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে বিজয়ের মাস ডিসেম্বরকেন্দ্রিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে সক্রিয় থাকার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

দলীয় প্রধানের এই বার্তার পর ঢাকার রাজপথে বহিষ্কৃত ও পদবঞ্চিত নেতাদের তৎপরতা চোখে পড়েছে। গত সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাইফুল আলম নীরব গতকাল সকালে ফার্মগেটের বিজ্ঞান কলেজের সামনে থেকে অনুসারীদের নিয়ে মিছিল বের করেন। মিছিলটি হোটেল সোনারগাঁও ও বাংলামোটর সিগন্যাল হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়।

এ ছাড়া এখনও কোনো পদে না থাকা ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল মান-অভিমান ভুলে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল বের করেন। শাহবাগ, বাংলামোটর ও মগবাজার ঘুরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।

গত কয়েক দিনের ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করতে চাইছে না সরকার। বিএনপির শীর্ষ পর্যায় থেকে নেতাকর্মীদের হাটবাজার ও রাস্তাঘাটে সাধারণ মানুষের কাছে গিয়ে আওয়ামী লীগের বিগত ১৭ বছরের শাসনামলের কর্মকাণ্ড তুলে ধরে জনমত গঠনের আহ্বান জানানো হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মনে করেন, আওয়ামী লীগ ও তাদের নেত্রী দেশে না থাকায় বিচ্ছিন্ন এসব ঘটনা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তিনি জানান, সরকার জিরো টলারেন্স নীতিতে থাকলেও ধ্বংসাত্মক কায়দায় সমাধান চাইবে না; এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সহায়তাও প্রয়োজন।

অন্যদিকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, অতীতে গুম, খুন ও ক্রসফায়ারের মতো ঘটনার পর ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতন ঘটে এবং মানুষের মনে স্বস্তি ফেরে। এখন পরাজিত শক্তি আবারও ককটেল হামলা ও গাড়িতে আগুন দিয়ে পুরোনো কায়দায় ক্ষমতায় ফিরতে চাইছে।

দলীয় সূত্রে জানা গেছে, ভারত থেকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরেও পরিস্থিতি উত্তপ্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে দলীয় সংসদ সদস্যদের প্রয়োজন ছাড়া ঢাকায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি ডিসেম্বরজুড়ে ঐক্যবদ্ধভাবে চারটি দিবস পালনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এর মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর জাতীয় বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং ৩০ ডিসেম্বর দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী।

এসএইচ