সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলেও জানান তিনি।
বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির এসব কথা বলেন।
বিমানবন্দরে সাংবাদিকদের ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুব সমাজ তাদের দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল। সব হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটিকে ধৈর্য ধরতে হবে।
দেশের বর্তমান পরিস্থিতি ও সংলাপের বিষয়ে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, তা দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তুলতে হবে।
জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশে অস্থিরতা শুরু হয়েছিল উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তাই দেশের বৃহত্তর স্বার্থে যদি প্রয়োজন হয়, তবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এসএইচ