কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার এবং নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিএনপি। দলীয় সূত্র ও সভায় অংশ নেওয়া নেতাদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে খুলনা ও ফরিদপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতারা এ নির্দেশনা দেন।
সভায় খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলার সভাপতি-সম্পাদক, আহ্বায়ক-সদস্য সচিব এবং নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, সম্ভাব্য নাশকতা মোকাবিলার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার মধ্যে তৃণমূলের সাংগঠনিক নিয়ন্ত্রণ ও দলীয় শৃঙ্খলা ধরে রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে ডিসেম্বর মাসকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড।
বৈঠকে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় গোপালগঞ্জের ঘটনাকে সামনে রেখে নেতাকর্মীদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা দ্রুত কাটিয়ে ওঠার তাগিদ দেওয়া হয়েছে।
সভায় অংশ নেওয়া খুলনা বিভাগের একজন নেতা সংবাদমাধ্যমে জানান, বৈঠকে ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর আওয়ামী লীগের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরা হয়। ওই সময় শেখ হাসিনা খালেদা জিয়াকে এক দিনের জন্যও শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য করেছিলেন বলে সভায় উল্লেখ করা হয়।
ওই নেতা আরও জানান, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের ১৭৩ দিন হরতাল পালন এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত লগি-বইঠার তাণ্ডব ও যানবাহনে অগ্নিসংযোগের প্রসঙ্গও আলোচনায় আসে। সভায় কেন্দ্রীয় নেতারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তবে আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই অতীতের রাজনীতির ইতিহাস তুলে ধরে নেতাকর্মীদের সর্বত্র সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো পক্ষ পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে।
মতবিনিময় সভায় তৃণমূল নেতাদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, আইনমন্ত্রী আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলসহ কেন্দ্রীয় নেতারা।
এসএইচ