ডিসেম্বরে নাশকতা মোকাবিলায় ৫ সদস্যের বিশেষ টিম বিএনপির

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৯:৩২ পিএম
ফাইল ছবি

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করছে বিএনপি।

দলীয় সূত্র জানিয়েছে, এই লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পাঁচ সদস্যের একটি বিশেষ টিম গঠন করেছেন। এরই মধ্যে টিমের সদস্যরা খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে সাংগঠনিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানায়, সম্ভাব্য নাশকতা প্রতিরোধের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার মধ্যে তৃণমূলের সাংগঠনিক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ধরে রাখতেই কাজ করছে এই বিশেষ টিম। বিশেষ করে আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও মাঠপর্যায়ে সক্রিয় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা এবং সাম্প্রতিক সহিংসতা ও শ্রমিক অসন্তোষের ঘটনাগুলোকে দলটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

বিশেষ এই টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তাঁরা এই সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। টিমের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

সংশ্লিষ্ট নেতাদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষাপটে দলীয় হাইকমান্ড সতর্ক অবস্থান নিয়েছে। কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে তৃণমূল নেতাদের সজাগ করা হচ্ছে।

পাশাপাশি কোনো ধরনের উসকানিতে পা না দেওয়া এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে কোনো সন্দেহজনক তৎপরতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রশাসনকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন দায়িত্বশীল নেতারা। এরপর বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার সভাপতি-সম্পাদক বা আহ্বায়ক-সদস্য সচিব এবং নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি, অভ্যন্তরীণ বিরোধ ও দুর্বলতা চিহ্নিত করে তা দ্রুত কাটিয়ে ওঠার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সাংগঠনিক বিভাগের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করা হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। বিশেষ টিমের দায়িত্বে থাকা একজন নেতা উল্লেখ করেন, এই উদ্যোগের মাধ্যমে তৃণমূলের সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি কেন্দ্রের সঙ্গে জেলা ও উপজেলা নেতৃত্বের যোগাযোগ আরও নিবিড় করা হচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেন। অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা এবং দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় থাকার তাগিদও দিয়েছেন তিনি।

এসএইচ