বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।
আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে অতীতের বিভেদ পেছনে ফেলে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী ও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে।
গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। এ রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের পথে যাওয়া যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন থেকে জামায়াত কোনো অবস্থাতেই সরে আসবে না। গণভোটের রায় বাস্তবায়নে অবহেলা করা হলে পুরোনো ফ্যাসিস্টদের আবার ফিরে আসার সুযোগ তৈরি হবে বলেও সতর্ক করেন তিনি।
বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, দলটি অতীতের রাজনীতিতে আর ফিরে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন তারা আগের মতো দলীয়করণের পথে হাঁটছে। দলীয়করণ করা শিক্ষাব্যবস্থা একটি জাতির ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে।
শফিকুর রহমান আরও বলেন, একসময় মজলুম হিসেবে পরিচিত একটি দল অভ্যুত্থানের পর নিজেদের চরিত্র বদলে ফেলেছে। এ কারণে জনগণ দলটির ওপর আগের মতো আস্থা রাখতে পারছে না।
এসএইচ