১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণার মধ্যে সীমান্তে আ.লীগ নেতাদের তৎপরতা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০২:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

 

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন স্থলবন্দর-সংলগ্ন এলাকায় দেখা গেছে। ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল এবং ত্রিপুরার আখাউড়া সীমান্ত এলাকায় তাদের এই সফর ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ নভেম্বর পশ্চিমবঙ্গের পেট্রাপোল এলাকায় যান আওয়ামী লীগের কয়েকজন নেতা। এরপর ২৫ নভেম্বর তারা ত্রিপুরার আগরতলার কাছে আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

ভারতে অবস্থানরত এসব নেতার দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তা সামনে রেখে দলীয় নেতৃত্ব একাধিক পরিকল্পনা তৈরি করে রেখেছে। সীমান্ত-সংলগ্ন এলাকায় তাদের সফরও সেই পরিকল্পনার অংশ। তবে কোন পরিকল্পনা চূড়ান্ত হবে, সে সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা নিজেই।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ত্রিপুরায় অবস্থানরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও তাদের আলোচনা হয়েছে। সীমান্ত পরিদর্শনে যাওয়া কয়েকজন নেতা ইতোমধ্যে আগরতলা ছেড়েছেন। বাকিদেরও ফিরে যাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে বিবিসি জানিয়েছে, তাদের অনেকেই দেশে ফিরে গ্রেপ্তারসহ যেকোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার মানসিক প্রস্তুতি নিয়েছেন। পাশাপাশি দলটির কয়েকশ নেতা-কর্মী ইতোমধ্যে ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে সীমান্তে নেতাদের এই সফরের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে চূড়ান্ত কোনো পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এফআর