মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর, মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০১:০০ পিএম
ফাইল ছবি

মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের জন্য নির্ধারিত মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে দেশের অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এর আগে কোনো অবস্থাতেই কোনো ধরনের মেডিকেল পরীক্ষা করা বা করানোর সুযোগ নেই বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর সুনির্দিষ্ট তালিকা খুব শীঘ্রই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ৩১ অক্টোবরের পূর্বে সম্পন্ন করা কোনো মেডিকেল পরীক্ষাই গ্রহণযোগ্য হবে না এবং তা ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য প্রক্রিয়াকরণ করা হবে না। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।

সম্প্রতি কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি সরকারি অনুমোদন ও নির্দেশনা ছাড়াই নির্ধারিত সময়ের আগেই মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের নিকট থেকে পাসপোর্ট ও টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে-যা মন্ত্রণালয়ের কঠোর নজরে এসেছে। এ ধরনের প্রতারক চক্রের কোনো প্রস্তাবে সাড়া না দিতে এবং শতভাগ অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা অর্থ জমা না দেওয়ার জন্য কর্মীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

নির্দেশনা অমান্যকারী কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের কার্যক্রম চিরতরে বন্ধ, রিক্রুটিং এজেন্সির কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন পর্যন্ত বাতিল হতে পারে।

অবৈধ বা অনুমোদনহীন মেডিকেল কার্যক্রমের সুনির্দিষ্ট তথ্য থাকলে তা প্রমাণসহ সরাসরি মন্ত্রণালয়ের নির্দিষ্ট ইমেইলে (secretary@probashi.gov.bd) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। কর্মীদের সার্বিক নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সরকারের এই নজরদারি ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থে জারীকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এসএইচ