বাংলা জানলে উচ্চ বেতনে যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১২:৩১ পিএম
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে (এনওয়াইপিএল) পার্টটাইম চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির ‘আফটার স্কুল টিউটর’ পদে ঘণ্টাপ্রতি ২২ ডলার বেতনে কর্মী নিয়োগ দেওয়া হবে। ম্যানহাটনের ব্লুমিংডেল লাইব্রেরিতে কর্মরত এই পদের জন্য বাংলা ভাষায় দক্ষ প্রার্থীরা বাড়তি অগ্রাধিকার পাবেন।

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির অফিশিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘আফটার স্কুল’ কর্মসূচির আওতায় এ নিয়োগ দেওয়া হচ্ছে। নির্বাচিত প্রার্থীদের ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের পড়াশোনায় সহায়তা করতে হবে। স্কুল শেষে লাইব্রেরিতে আসা শিশুদের বিনা মূল্যে হোমওয়ার্কে সহায়তা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করাই হবে এই পদের মূল দায়িত্ব।

কাজের সময় ও বেতন
এটি একটি পার্টটাইম পদ। সপ্তাহে চার দিন—সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাজ করতে হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে নির্ধারিত চার ঘণ্টার শিফটে সপ্তাহে মোট ১৬ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে।

ঘণ্টাপ্রতি ২২ ডলার হিসেবে সপ্তাহে মোট বেতন হবে ৩৫২ ডলার। চার সপ্তাহে আয় দাঁড়াবে ১ হাজার ৪০৮ ডলার এবং মাসের গড় হিসাবে কর কাটার আগে প্রায় ১ হাজার ৫২৩ ডলার আয় হতে পারে। তবে ছুটি ও কর্মসূচির বিরতির কারণে প্রকৃত আয় কমবেশি হতে পারে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এই কর্মসূচি ২০২৭ সালের ৯ জুন পর্যন্ত চলবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনের জন্য স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন, যদি তাদের অন্তত দুই বছরের পড়াশোনা সম্পন্ন হয়ে থাকে।

এ ছাড়া শিশু বা কিশোরদের নিয়ে শিক্ষামূলক পরিবেশে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান, পড়া, ইংরেজি ভাষা ও সামাজিক বিজ্ঞান বিষয়ে পড়ানোর অভিজ্ঞতা প্রয়োজন।

প্রয়োজনীয় দক্ষতা ও দায়িত্ব
প্রার্থীদের শিশুদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ ও তাদের শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার দক্ষতা থাকতে হবে। অভিভাবক ও সহকর্মীদের সঙ্গে ভালো যোগাযোগের পাশাপাশি ব্যস্ত পরিবেশে একাধিক কাজ সামলানোর সক্ষমতা জরুরি। গুগল অ্যাপ্লিকেশন ও মাইক্রোসফট অফিস স্যুট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

দায়িত্বের মধ্যে রয়েছে শিশুদের ব্যক্তিগত ও দলগতভাবে পড়াশোনায় সহযোগিতা করা, অভিভাবকদের কর্মসূচি সম্পর্কে তথ্য জানানো, শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রশাসনিক হিসাব রাখা এবং শিক্ষা উপকরণ গুছিয়ে রাখা। মাঝেমধ্যে স্টাফ মিটিং ও পেশাগত প্রশিক্ষণেও অংশ নিতে হতে পারে।

বাংলা জানাদের জন্য বাড়তি সুযোগ
বিজ্ঞপ্তির অন্যতম আকর্ষণীয় দিক হলো, দ্বিতীয় ভাষায় দক্ষতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। আরবি, বাংলা, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষায় যোগাযোগের দক্ষতা থাকলে নিয়োগের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যাবে। ফলে বাংলা ভাষায় দক্ষ নিউইয়র্কের বাংলাদেশি প্রার্থীদের জন্য এটি একটি ভালো সুযোগ। তবে বাংলা জানা বাধ্যতামূলক নয় এবং শুধু বাংলা জানলেই চাকরি নিশ্চিত হবে না; অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাও থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির অফিশিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে গিয়ে পদটি খুঁজে আবেদন করতে পারবেন। আবেদনের আগে নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এসএইচ