৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়িতে ভিসা আবেদন বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৮:০৩ পিএম
ফাইল ছবি

আগামী ৩০ নভেম্বরের পর ভারতের কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোতে ভিসার আবেদন জমা না দেওয়ার আহ্বান জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। গত ১৭ নভেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সেবা-সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। সরকার চুক্তিটি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।

এ কারণে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের পরিচালনায় থাকা কলকাতা ও শিলিগুড়ির ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো ৩০ নভেম্বরের পর থেকে আর কার্যক্রম চালাবে না।

এ অবস্থায় সব ধরনের ভিসার আবেদনপ্রার্থী ও সংশ্লিষ্টদের ৩০ নভেম্বরের পর এসব কেন্দ্রে আবেদন জমা না দিতে বলেছে উপ-হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের নাম ও ঠিকানা শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এসএইচ