ঢাকা: সোমবারের মতো মঙ্গলবার (২৬ মে) দুপুরে মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানীতে। দীর্ঘ সময় ধরে বৃষ্টির কারণে রাজধানীর অনেক রাস্তা পানিতে তলিয়ে গেছে। তৈরি হয়েছে মানুষের চলাচলে চরম ভোগান্তি। এই পরিস্থিতিতে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি বেড়েছে। বাস টার্মিনাল, রেলস্টেশন ও প্রধান সড়কগুলোতে চাপ বাড়ায় অনেককে দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে গরুর হাটে যাওয়া ক্রেতারাও সমস্যায় পড়েন।
ঈদযাত্রায় ঘর থেকে বের হওয়া যাত্রীরা দীর্ঘসময় আটকে থাকেন রাস্তায়। বাসস্ট্যান্ড ও টার্মিনালগুলোতে ছাতা হাতে অপেক্ষা করতে দেখা যায় অসংখ্য মানুষকে। অনেককে ভিজে কষ্ট করেই গন্তব্যের উদ্দেশে রওনা দিতে হচ্ছে। অন্যদিকে, বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রাজধানীর পশুর হাটে আসা ব্যবসায়ী এবং ক্রেতারা।
দেশের বিভিন্ন জেলা থেকে কুরবানির পশু নিয়ে আসা ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে হাটের অনেক জায়গায় পানি জমে গেছে। এতে পশু রাখা, খাবার দেওয়া এবং ক্রেতাদের চলাচলে দেখা দিয়েছে চরম সমস্যা। কাদাপানি আর জলাবদ্ধতার কারণে পশু কেনাবেচাও ব্যাহত হচ্ছে।
মিরপুর কালশি রোড, মিরপুর-১০ নম্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, কারওয়ানবাজার, নিউমার্কেটসহ রাজধানীর বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার চিত্র দেখা গেছে। কোথাও হাঁটুসমান পানি, কোথাও আবার ড্রেন উপচে রাস্তায় নোংরা পানি উঠে আসায় দুর্ভোগ আরও বেড়ে যায়।
বৃষ্টিতে রাজধানীর অনেক হাটে তৈরি হয়েছে জলাবদ্ধতা। সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা গেছে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পর্যন্ত এলাকাজুড়ে বসা পশুর হাটে। সেখানে হাটের প্রায় ২৫ শতাংশ এলাকা হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। এতে পশুগুলোকে দীর্ঘ সময় পানিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
পিএস