ধোঁয়ায় আচ্ছন্ন মেট্রোরেল স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৯:০৯ পিএম

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জ্বলন্ত বাস থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া মেট্রোরেল স্টেশনের ভেতরে প্রবেশ করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে স্টেশন থেকে বেরিয়ে যান যাত্রীরা।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা স্টেশনটি বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টা ২ মিনিটে আবার মেট্রোরেল চলাচল শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মেট্রোরেল স্টেশনের ডিজেল জেনারেটরের পাশেই বাসটিতে আগুন দেয়া হয়। পরে সেই আগুনের ধোঁয়া স্টেশনের ভেতরে প্রবেশ করে। ধোঁয়ার কারণে স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম বেজে উঠলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত স্টেশন খালি করার উদ্যোগ নেয়া হয়।

ডিএমটিসিএলের দায়িত্বশীল একটি সূত্র জানায়, স্টেশনের ডিজেল জেনারেটরে প্রায় এক হাজার লিটার ডিজেল মজুত রয়েছে। বাসের আগুন জেনারেটর পর্যন্ত ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এ আশঙ্কায় যাত্রীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আগুন দেয়া বাসটির চালক ও কোনও যাত্রীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে কারা বাসটিতে আগুন দিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

এম