পোস্তগোলা ব্রিজে ভ্যানে আগুন, থানার সামনে ককটেল নিক্ষেপ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৯:৪৪ পিএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই সময়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি। 

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকার পোস্তগোলা ব্রিজের ওপর ভ্যানটিতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রিজের মাঝামাঝি স্থানে ভ্যানটিতে আগুন লাগিয়ে চালক দ্রুত সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পোস্তগোলা ফায়ার সার্ভিস ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, ভ্যানটিতে একটি খালি গ্যাস সিলিন্ডার ও নারকেলের ছোবড়া দিয়ে তৈরি একটি সোফা ছিল। একই দিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে অজ্ঞাতনামা ব্যক্তিরা স্কচটেপে মোড়ানো একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। ককটেলটি বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ সেটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে রাখে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আজগর হোসেন বলেন, একটি ভ্যানে আগুনের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, চালক নিজেই ভ্যানটিতে আগুন দিয়ে পালিয়ে গেছেন। আর ককটেলের ঘটনাটি গুজব।

এম