ঢাকা: বাবা-মা কেউ বেঁচে নেই। তাদের আমল বন্ধ হয়ে গেছে। সন্তান হিসেবে প্রতিদিন কী আমল বা দোয়া করলে কবরে তারা উপকৃত হতে পারবেন? ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’য় এমন এক প্রশ্নের জবাব দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
উত্তরে তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলে দিয়েছেন, সেই নেক সন্তান, যে নেক সন্তান তার পিতা-মাতার জন্য দোয়া করে। সুতরাং, আপনার প্রতিদিনের আমল হচ্ছে দোয়া করা।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার, উত্তম আচরণ এবং দোয়া করার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ কোরআনে এ দোয়া শিক্ষা দিয়েছেন, ‘রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগিরা’। অর্থাৎ বলুন, হে আমার রব, তাদের উভয়কে দয়া করুন, তাদেরকে আপনি করুণা করুন। যেভাবে তারা আমাদের লালন-পালন করেছেন। ছোটবেলায় যেভাবে আমাকে বড় করেছেন, সেভাবে আপনিও তাদের দয়া করুন।
আপনার প্রথম কাজ তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা। এ ছাড়া আরো অনেক কাজ রয়েছে, সেগুলো জেনে নেয়ার চেষ্টা করুন।
সোনালীনিউজ/ঢাকা/এসআই