ঢাকা: আগামী ৯ জিলহজ (২৬ মে) আরাফাতের ময়দানে হজের খুতবাহ দেওয়া হবে। এ বছর আরাফাতের ময়দানে হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মাহর উদ্দেশে খুতবাহ দেবেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুযাইফি।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে আরাফাতের মহান দিনে খুতবা দেওয়ার জন্য অনুমোদন দেন। দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এ তথ্য জানিয়েছে।
শায়খ আলী হুযাইফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা প্রদেশে জন্মগ্রহণ করেন। ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক এবং পরে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন।
১৯৭৯ সাল থেকে তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮১ সালের রমজানে মসজিদুল হারামেও তারাবির নামাজে ইমামতি করেন এবং ১৯৮৭ সালে কিছুদিন কুবা মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করেন। সুললিত ও হৃদয়গ্রাহী কুরআন তেলাওয়াতের জন্য তিনি মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত।
৯ জিলহজ আরাফার দিন মসজিদে নামিরাহ থেকে প্রদত্ত খুতবা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অংশগুলোর একটি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসলিম হাজির জন্য হজের খুতবা আধ্যাত্মিক দিকনির্দেশনা হিসেবে কাজ করে।
পিএস