আইসিসির জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে বিসিবি সভাপতি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:০৩ এএম

চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া জটিল পরিস্থিতি নিরসনে পাকিস্তানে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ভারতে অনুষ্ঠিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ দল পাঠাতে অস্বীকৃতি জানায় বিসিবি। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি। এই সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই বিশ্ব ক্রিকেট অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে মন্তব্য করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি পুরো বিশ্বকাপ বয়কটের হুমকিও দেয় তারা। যদিও শেষ পর্যন্ত পাকিস্তান সরকার আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে দলকে ‘ওয়াক ওভার’ নেওয়ার নির্দেশ দেয়।

ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে আইসিসি, সম্প্রচার সংস্থা, স্পনসর ও বাণিজ্যিক অংশীদারদের বিপুল আর্থিক স্বার্থ জড়িত থাকায় বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেয় আইসিসি। এ কারণেই পিসিবি ও বিসিবির সঙ্গে জরুরি বৈঠকে বসছে সংস্থাটি।

সূত্রের বরাতে জানা গেছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে লাহোরে পৌঁছান বিসিবি সভাপতি। আজ রোববার আইসিসির উদ্যোগে অনুষ্ঠিতব্য বৈঠকে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, পাকিস্তানের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে আজ বিকেলেই ঢাকায় ফেরার সূচি রয়েছে বিসিবি সভাপতির।

উল্লেখ্য, বিশ্ব ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচকে সবচেয়ে আকর্ষণীয় ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে ধরা হয়। এই ম্যাচ না হলে আইসিসির আর্থিক ক্ষতি ব্যাপক আকার ধারণ করতে পারে। বিভিন্ন হিসাব অনুযায়ী, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলে, তাহলে আইসিসির সম্ভাব্য ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৬ হাজার কোটি রুপি।

এম