বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০৯:৩৯ এএম

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে শুক্রবার এ কথা জানানো হয়েছে।

বিসিবি জানায়, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের খেলা টিকিট ছাড়াই উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে দেখতে পারবেন দর্শকরা। টেস্টের পাঁচ দিনই বিনামূল্যে খেলা দেখা যাবে। 

তবে গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মুশতাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি বা হসপিটালিটি এলাকায় বসে খেলা দেখতে টিকিট লাগবে। 

দুই ম্যাচের টেস্ট খেলতে গত ১৮ অক্টোবর ঢাকা পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২০ ও ২১ অক্টোবর অনুশীলন করে ক্যারিবীয়রা। 

বিসিবি একাদশের বিরুদ্ধে গতকাল দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। 

টেস্ট সিরিজকে সামনে ২৫, ২৬ এবং ২৭ অক্টোবর অনুশীলন করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ উভয় দল।

২৮ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

মিরপুর টেস্ট শেষে দ্বিতীয় ম্যাচের জন্য ২ নভেম্বর ঢাকা থেকে সিলেট যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দল। ৫ নভেম্বর থেকে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। 

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ৬ ম্যাচে ৫৫ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। 

১২ ম্যাচে ২০ দশমিক ৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। 

এম