ঢাকা: চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে ৪ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (৩১ মে) ভোর পর্যন্ত ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানী প্যারিসেই গ্রেপ্তার হয়েছেন ২৮০ জন।
[271128]
পিএসজির জয়ের পর প্যারিসের বিভিন্ন এলাকায় হাজারো সমর্থক রাস্তায় নেমে উদ্যাপনে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে বিভিন্ন স্থানে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন স্থানে আতশবাজি ও ফ্লেয়ার ছোড়া হচ্ছে। কোথাও কোথাও সড়কে মোটরসাইকেল ও বৈদ্যুতিক বাইকে আগুন দেওয়া হয়েছে। কয়েকটি দোকানপাট ও স্থাপনায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি এলাকায় কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে।
এ ছাড়া সহিংসতার ঘটনায় ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনিয়েজ এসব ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
এর আগে ২০২৫ সালে পিএসজির ইউরোপীয় শিরোপা জয় উদ্যাপনও সহিংসতায় রূপ নিয়েছিল। সে সময় সংঘর্ষে দুজন নিহত হন, যাদের একজন ছিলেন ১৭ বছর বয়সী কিশোর।
এদিকে রোববার প্যারিসে পিএসজির খেলোয়াড়দের নিয়ে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রার পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে তাদের সাক্ষাতেরও কথা রয়েছে।
এসআই