নেইমারকে নিয়ে বড় সুখবর দিল ব্রাজিল

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:১৭ পিএম
ফাইল ছবি

দীর্ঘ আড়াই বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর আবারও ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নেইমার। তবে দলে ফেরার আনন্দের মধ্যেই ডান পায়ের কাফ মাংসপেশিতে গ্রেড-২ মাত্রার চোটের খবর উদ্বেগ তৈরি করেছিল ব্রাজিল সমর্থকদের মধ্যে। এবার সেই দুশ্চিন্তা অনেকটাই দূর করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা নেইমারের শারীরিক অবস্থার উন্নতি প্রত্যাশার চেয়েও দ্রুত হচ্ছে। সর্বশেষ মেডিকেল পরীক্ষার ফলও ইতিবাচক এসেছে। ফলে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচেই মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে এই তারকা ফরোয়ার্ডের।

গত ২৮ মে করা স্ক্যানে নেইমারের পায়ের পেশিতে ছিঁড়ে যাওয়ার তথ্য পাওয়া যায়। তখন ধারণা করা হয়েছিল, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। তবে গত সোমবার জাতীয় দলের মেডিকেল টিমের করা নতুন স্ক্যান রিপোর্টে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে।

সিবিএফ জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী পুনর্বাসন ও শারীরিক প্রস্তুতির প্রক্রিয়া চালিয়ে যাবেন নেইমার। দ্রুত সুস্থ হয়ে ওঠায় তাঁকে নিয়ে আশাবাদী দলের মেডিকেল স্টাফরাও।

চোটের কারণে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দুটি খেলতে পারেননি নেইমার। তবে তাঁকে ছাড়াই দুই ম্যাচে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল। পানামাকে ৬-২ গোলে হারানোর পর মিসরকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে সেলেসাওরা।

বিশ্বকাপে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন ভোরে মরক্কোর বিপক্ষে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইতিবাচক স্ক্যান রিপোর্ট পাওয়ার পর খুব শিগগিরই পূর্ণমাত্রার অনুশীলনে ফিরবেন নেইমার। সবকিছু ঠিক থাকলে মরক্কোর বিপক্ষে ম্যাচেই দেখা যেতে পারে তাঁকে।

ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে বাম হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ও মেনিসকাসে গুরুতর চোট পান তিনি। ওই চোটের কারণে এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল।

মাঠে ফেরার পরও চোটের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হয়েছে নেইমারকে। সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও পুরোপুরি মুক্তি মেলেনি ইনজুরি সমস্যা থেকে। এরপর নানা নাটকীয়তার পর বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পান তিনি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমারের বর্তমান চোট মূলত অতিরিক্ত চাপ ও একই জায়গায় বারবার নড়াচড়ার ফলে সৃষ্টি হয়েছে। ক্রীড়া চিকিৎসকদের মতে, অনুশীলনের চাপ সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারলেও এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।

তবে আপাতত ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া। দ্রুত সেরে ওঠায় বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনা অনেকটাই বেড়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিলেও ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা এনে দিতে পারেননি তিনি। এবার হয়তো সেই অপূর্ণ স্বপ্ন পূরণের আরেকটি সুযোগ পাচ্ছেন সেলেকাওদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

এসএইচ