অস্ট্রিয়া ও আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয়ে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর সকালে জর্ডান ও আলজেরিয়া ম্যাচের ফলাফলের পর ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়াটাও নিশ্চিত হয়ে গেছে লিওনেল মেসিদের। গ্রুপসেরা হওয়ার পর এখন ফুটবল দুনিয়ায় তুমুল জল্পনা, রাউন্ড অব ৩২-এ কার মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা।
গ্রুপ পর্বের এখনও এক ম্যাচ বাকি থাকলেও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনাকে লড়তে হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের বিরুদ্ধে। আর এই গ্রুপেই রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব। আগামী শনিবার সকাল ৬টায় এই গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে স্পেন-উরুগুয়ে এবং সৌদি আরব-কেপ ভার্দে। এই দুই ম্যাচের ফলের ওপরই ঝুলে আছে মেসিদের প্রতিপক্ষের ভাগ্য। জটিল সব সমীকরণে আর্জেন্টিনার সামনে পড়তে পারে যেকোনো দলই।
যদি শেষ ম্যাচে উরুগুয়ে স্পেনকে হারিয়ে দেয় এবং অন্য ম্যাচে সৌদি আরব ও কেপ ভার্দে ড্র করে, তবে স্পেন রানার্সআপ হিসেবে আর্জেন্টিনার সামনে পড়বে। এমনকি উরুগুয়ে জিতলে এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারালেও স্প্যানিশদের রানার্সআপ হওয়ার পথ তৈরি হতে পারে। অন্যদিকে স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয় এবং কেপ ভার্দে সৌদিকে হারায়, তবে স্পেন হবে গ্রুপসেরা আর কেপ ভার্দে রানার্সআপ। আবার স্পেন জিতলে এবং কেপ ভার্দে-সৌদি ম্যাচ ড্র হলেও আফ্রিকার এই দেশটিই হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ।
সৌদি আরবের সামনেও সুযোগ রয়েছে। স্পেন উরুগুয়েকে হারালে এবং সৌদি আরব কেপ ভার্দেকে বড় ব্যবধানে হারালে রানার্সআপ হবে সৌদি। আবার স্পেন-উরুগুয়ে ম্যাচ ড্র হলে এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারালেও সমীকরণ একই থাকবে। সেক্ষেত্রে ২০২২ বিশ্বকাপের পর আবারও বিশ্বমঞ্চে মেসিদের সামনে পড়ার সুযোগ পাবে তারা। তবে যদি শেষ ম্যাচে উরুগুয়ে এবং কেপ ভার্দে উভয় দলই জয় তুলে নেয়, কিংবা দুটি ম্যাচই ড্র হয়, তবে রানার্সআপ নির্ধারণে আসবে গোল ব্যবধান, গোল সংখ্যা, ফেয়ার প্লে এবং শেষ পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ের হিসাব। বর্তমানে পয়েন্ট টেবিলের চিত্র বলছে, আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে কেপ ভার্দে। ভোজিনহার নেতৃত্বে আফ্রিকার এই ছোট দেশটি সৌদিকে হারাতে পারলে ইতিহাস গড়ে নকআউটে মেসিদের মুখোমুখি হবে। তবে উরুগুয়ে যদি স্পেনকে স্তব্ধ করে দেয়, তবে নাটকীয়ভাবে নকআউটের শুরুতেই দেখা যেতে পারে আর্জেন্টিনা-স্পেন হাইভোল্টেজ মহারণ।
এদিকে প্রতিপক্ষ নির্ধারণের সমীকরণ যখন শেষের পথে, তখন রাউন্ড অব বত্রিশের দিনক্ষণ ও ভেন্যু ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। আগামী ৪ জুলাই মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ‘এইচ’ গ্রুপের রানার্স-আপ দল মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। আর্জেন্টিনার সমর্থকদের জন্য মজার ব্যাপার হলো, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সাবেক হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম। ফলে ঘরের মাঠের চেনা আঙিনাতেই নকআউটের মিশন শুরু করবেন মেসিরা। সব প্রশ্নের চূড়ান্ত উত্তর মিলবে আগামী শনিবার সকালের শেষ দুটি ম্যাচের ফল হাতে পাওয়ার পর।
এসএইচ