ঢাকা: প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
খেলার তালিকাভুক্ত ইভেন্টগুলো হলো— ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলা।
[278624]
মাউশির মহাপরিচালক বলেন, এখন থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী পরিচালনার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা ও রূপরেখা পাঠানো হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এসব খেলা বাধ্যতামূলক করার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে।
তিনি আরও বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে বা নির্ধারিত পিরিয়ডে খেলাধুলা ও ফিটনেস চর্চার সুযোগ পাবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাউশি জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক পত্রের আলোকে আজ মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মাঠপর্যায়ে এই নির্দেশনা জারি করা হয়।
মাউশির অধীন দেশের সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক এবং জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো ওই নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
গত ৮ অক্টোবর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই ১০ ধরনের খেলাধুলা বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা ও সানুগ্রহ হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আধা-সরকারি পত্র (ডিও লেটার) প্রেরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি পত্র পাঠিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবকে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
এসআই