সৌম্য-মোসাদ্দেকে বাদ দিয়ে ওয়ানডে স্কোয়াড ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৫:০৯ পিএম
ফাইল ছবি

ত্রিদেশীয় সিরিজে ভরাডুবির পর ওয়ানডে দল নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। বাদ পড়তে পারেন তিন অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান। ওয়ানডে দলে তাঁরা থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বিসিবি থেকে শনিবার পর্যন্ত কোনো বার্তা দেওয়া হয়নি তাঁদের। ওয়ানডে দল ঘোষণার অপেক্ষায় রয়েছেন এই তিন সিনিয়র ক্রিকেটার।

ত্রিদেশীয় সিরিজে রান পাওয়া পারভেজ হোসেন ইমনকে ওয়ানডে দলে রাখা হয়েছে। মিডলঅর্ডারে নেওয়া হচ্ছে ইয়াসির আলী রাব্বিকে। পারভেজ ও ইয়াসির বর্তমানে এশিয়া কাপ রাইজিং স্টারসে খেলছেন। জাকের আলীকে নেওয়া হতে পারে টেস্ট দল থেকে। ২০২৫ সালে জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন জাকের।

ব্যাটিং ছন্দ হারিয়ে বাদ পড়েন তিনি। সম্প্রতি টেস্ট দলে বিকল্প হিসেবে জায়গা করে নিয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটার। দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকায় প্রস্তুতিটা হয়ে গেছে তাঁর। সাব্বির রহমান ও ইরফান শুক্কুরদের প্রস্তুত করা হচ্ছে জাতীয় দলের পুলের জন্য। সম্প্রতি ‘এ’ দলের সফরে নিয়মিত খেলছেন তাঁরা। সাব্বির ২০১৯ সালে শেষ ওয়ানডে খেললেও ইরফান জাতীয় দলের পুলে ছিলেন না কখনো।

কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে খেলছেন সাইফ হাসানরা। সেখান থেকে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দলে ইমন, ইয়াসির ও সাইফের সঙ্গে সাইফউদ্দিনও যোগ দিতে পারেন। ঢাকা থেকে দুই স্পিনার তানভীর ইসলাম ও রিশাদ হোসেন যাবেন। বিসিবির একটি সূত্র জানায়, বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান বিমান ধরবেন দুবাই থেকে।

বাকিরা দক্ষিণ আফ্রিকাতেই আছেন। হাসান মাহমুদ কনুইয়ের ব্যথা নিয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ভারসাম্য হারিয়েছে পেস বোলিং ইউনিট। ওয়ানডে সিরিজের জন্য চারজন পেসার থাকছেন। পাঁচজন নেওয়া হলে খালেদ আহমেদ বা এবাদত হোসেনের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হতে পারে।

মূলত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দল গোছাতে উদীয়মান ক্রিকেটারদের সুযোগ করে দিতে চান ক্রিকেটের নীতিনির্ধারকরা। প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের প্রথম ওয়ানডে আগামী ১ ডিসেম্বর। ৪ ও ৭ ডিসেম্বর বাকি দুই ওয়ানডে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ হবে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর। ওয়ানডে সিরিজ খেলতে ২৪ নভেম্বর আফ্রিকার বিমান ধরবেন তানভীর ইসলামরা। যদিও শনিবার পর্যন্ত দল ঘোষণা করা হয়নি।

এসএইচ