বিশ্বকাপে নজর কেড়ে এবার মেসির ইন্টার মায়ামিতে ভোজিনহা! 

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১১:০৬ এএম
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় উঠে এসেছেন গোলরক্ষক ভোজিনহা। বিশেষ করে নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে প্রশংসা কুড়িয়েছেন ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলকিপার। আর এরপরই তাকে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে দেখা যেতে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

ভোজিনহার আসল নাম জোসিমার জোসে ইভোরা ডিয়াস। পর্তুগিজ ক্লাব জিডি চাভেসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট হওয়ায় গোলরক্ষক বিভাগ আরও শক্তিশালী করতে তাকে দলে ভেড়ানোর বিকল্প হিসেবে বিবেচনা করতে পারে ইন্টার মায়ামি।

রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচজুড়ে আর্জেন্টিনার একের পর এক আক্রমণ ঠেকিয়ে আলোচনায় ছিলেন ভোজিনহা। ম্যাচ শেষে তার সঙ্গে লিওনেল মেসির উষ্ণ আলিঙ্গনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এরপর থেকেই ভক্তদের মধ্যে জোরালো হয়েছে গুঞ্জন। অনেকেই আশা করছেন, খুব শিগগিরই মেসির সঙ্গে একই ড্রেসিংরুমে দেখা যেতে পারে কেপ ভার্দের অভিজ্ঞ এ গোলরক্ষককে।

এসএইচ