থ্রি লায়ন্স বধের ছক: ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার রক্ষণে পরিবর্তনের আভাস

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ১১:৫২ এএম

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাতে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে লিওনেল মেসির দলের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। হাইভোল্টেজ এই মহারণের আগে আলবিসেলেস্তেদের রণকৌশল ও শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম 'ওলে' দলের সম্ভাব্য যে একাদশ প্রকাশ করেছে, তাতে বিশেষ করে রক্ষণভাগে রদবদলের জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে।

সংবাদমাধ্যম ওলে-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিপক্ষের আক্রমণভাগের গতি রুখতে রক্ষণভাগে দুটি গুরুত্বপূর্ণ পজিশন নিয়ে নতুন করে ভাবছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। রাইট-ব্যাকে নাহুয়েল মোলিনার জায়গায় শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে গনজালো মন্তিয়েলকে। অন্যদিকে, লেফট-ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে এই দুই পজিশনে কারা নিশ্চিতভাবে মাঠে নামবেন, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

অবশ্য গোলপোস্টের নিচে যথারীতি অতন্দ্র প্রহরী হিসেবে থাকছেন এমিলিয়ানো মার্তিনেজ। আর সেন্ট্রাল ডিফেন্স সামলানোর মূল দায়িত্ব থাকছে ক্রিস্তিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্তিনেজের বিশ্বস্ত কাঁধেই।

মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখতে লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের থাকা প্রায় নিশ্চিত। তবে তাদের সঙ্গে চতুর্থ খেলোয়াড় হিসেবে রদ্রিগো ডি পল, জুলিয়ানো সিমেওনে কিংবা এক্সেকিয়েল পালাসিওসের মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে পারেন কোচ।

আক্রমণভাগে কোনো চমক থাকছে না। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধবেন কোয়ার্টার ফাইনালে চোখ ধাঁধানো গোল করা হিরো জুলিয়ান আলভারেজ। আলভারেজের সাম্প্রতিক ফর্মের ওপর স্কালোনি যে বাড়তি ভরসা রাখছেন, তা স্পষ্ট।

একাদশ নিয়ে এখনই কার্ড উন্মোচন করতে নারাজ আর্জেন্টাইন মাস্টারমাইন্ড স্কালোনি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন,"দল কেমন হবে তা আমার মাথায় গোছানো আছে, তবে খেলোয়াড়দের এখনো তা জানাইনি। আমরা কিছু পরিবর্তনের কথা ভাবছি, যার মূল উদ্দেশ্য হলো প্রতিপক্ষকে চাপে ফেলা এবং তাদের শক্তির জায়গাগুলো সফলভাবে রুখে দেওয়া। দেখা যাক শেষ পর্যন্ত কী দাঁড়ায়।"

আজ বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় ফাইনালে ওঠার এই মহালড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আজকের জয়ী দলটিই আগামী রোববার শিরোপার চূড়ান্ত মঞ্চে স্পেনের মুখোমুখি হওয়ার গৌরব অর্জন করবে।

এম