বিসিবির বোর্ড সভায় ৭ বড় সিদ্ধান্ত

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৯:৫২ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চতুর্থ পরিচালনা পর্ষদ সভায় বেশ কিছু যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় ঘরোয়া ক্রিকেটের কাঠামো পুনর্গঠন, ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধি এবং স্টেডিয়ামের আধুনিকায়নে বেশ কিছু অনুমোদন দিয়েছে তামিম ইকবালের বোর্ড।

সভা শেষে বিসিবির মিডিয়া বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড সভায় গৃহীত প্রধান সিদ্ধান্তসমূহ সম্পর্কে অবহিত করেছে। বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো ৭টি মূল সিদ্ধান্ত নিচে তুলে ধরা হলো:

(১) ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বৃদ্ধি (পুরুষ): বিসিবির ঘরোয়া প্রতিযোগিতায় পুরুষ ক্রিকেটারদের সংশোধিত ম্যাচ ফি অনুমোদন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে চার দিনের ম্যাচে দেড় লাখ টাকা, একদিনের (লিস্ট-এ) ম্যাচে ১ লাখ টাকা, টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা এবং এনসিএলের দ্বিতীয় একাদশের ক্রিকেটাররা ম্যাচপ্রতি ১৫ হাজার টাকা করে পাবেন।

(২) নারীদের ক্রিকেট ও অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের ভাতা: নারীদের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়িয়ে তিন দিনের ম্যাচে ৪০ হাজার, একদিনের ম্যাচে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে।

(৩) নতুন ঘরোয়া প্রতিযোগিতা ও কর্পোরেট স্বত্ব: একক কাঠামোর অধীনে ৬ দলের একটি নতুন ঘরোয়া প্রতিযোগিতা চালুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এখানে চার দিনের (ফার্স্ট ক্লাস), লিস্ট-এ এবং টি-টোয়েন্টি—তিনটি ফরম্যাটই থাকবে। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য বাংলাদেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ফ্র্যাঞ্চাইজি বা মালিকানা স্বত্ব দেওয়া হবে। ২০২৬ সালের ডিসেম্বরে এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর মাঠে গড়াবে।

(৪) মিরপুরে অ্যাথলেটিক রানিং ট্র্যাক: ক্রিকেটারদের শারীরিক ফিটনেস ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের জন্য মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) মাঠে ৩ লেনের একটি বিশেষায়িত ও আইএএএফ অনুমোদিত রানিং ট্র্যাক নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

(৫) নতুন বিকল্প ড্রেসিং রুম ও সুযোগ-সুবিধা: পর্ষদ মিরপুর স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিং রুম নির্মাণের অনুমোদন দিয়েছে। এই ড্রেসিং রুমের সুযোগ-সুবিধাগুলো ঘরোয়া টুর্নামেন্ট ও অনুশীলনের জন্য ব্যবহৃত হবে। এর ফলে মূল ড্রেসিং রুমটি আন্তর্জাতিক ম্যাচের জন্য নির্দিষ্ট থাকবে।

(৬) শহীদ চান্দু স্টেডিয়াম সংস্কার: বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের প্রস্তাবিত সংস্কার ও উন্নয়নকাজের জন্য স্থাপত্য, প্রকৌশল এবং প্রকল্প প্রস্তুতিসংক্রান্ত পরামর্শক সেবা দিতে একজন পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে বোর্ড।

(৭) মিরপুর স্টেডিয়ামে সুযোগ-সুবিধার উন্নয়ন: আন্তর্জাতিক ম্যাচের মান বাড়াতে স্টেডিয়ামের প্যাভিলিয়ন ভবন ও প্রবেশপথগুলোতে আধুনিক অবকাঠামোগত পরিবর্তন আনা হবে।

এম