উরু পেশির চোট কাটিয়ে মাঠে ফিরেই নিজের জাত চেনালেন নেইমার। বদলি হিসেবে নেমে ঠাণ্ডা মাথায় আদায় করে নিলেন দুই গোল। আর তাতেই ফ্লামেঙ্গোর বিপক্ষে ২-২ গোলের শ্বাসরুদ্ধকর ড্র নিয়ে মাঠ ছেড়েছে সান্তোস।
ভিলা বেলমিরোতে ব্রাজিলিয়ান সিরি আর শীর্ষ দল ফ্লামেঙ্গোর বিপক্ষে প্রথমার্ধে বেশ ব্যাকফুটে ছিল সান্তোস। পুরো ফিট না থাকায় শুরুর একাদশে ছিলেন না নেইমার। দানিলো ও লুকাস পাকেতার দুই গোলে বিরতির আগেই সফরকারীরা এগিয়ে যায়। দল যখন হারের মুখে, তখনই দ্বিতীয়ার্ধে ফিলিপ কৌতিনিওর জায়গায় মাঠে নামানো হয় সান্তোস তারকাকে।
গত সেপ্টেম্বরের শুরুতে পালমেইরাসের বিরুদ্ধে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে প্রত্যাবর্তনটা তিনি স্মরণীয় করে রাখলেন। ম্যাচের শেষভাগে ৮২ ও ৮৮ মিনিটে পরপর দুটি পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান নেইমার।
নেইমারের এই জোড়া গোলে দুই দলেরই টানা পাঁচ ম্যাচ জয়ের যাত্রা থমকে গেছে। নিশ্চিত জয়ের ম্যাচ থেকে পয়েন্ট হারিয়ে বড় ধাক্কা খেল ফ্লামেঙ্গো। ২৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে সান্তোস লিগ টেবিলের আট নম্বরে অবস্থান করছে। নেইমার ছন্দে ফেরায় মৌসুমে ঘুরে দাঁড়ানোর নতুন আশা দেখছে ক্লাবটি।
আগামী রোববার মাঠে নামবে দুই দলই। সান্তোসের প্রতিপক্ষ আতলেতিকো এমজি এবং ফ্লামেঙ্গো মুখোমুখি হবে ফ্লুমিনেন্সের। এরপর কোপা লিবের্তাদোরেসের সেমিফাইনাল লড়াইয়ে আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়ান্তেসের মাঠে নামবে ফ্লামেঙ্গো।
এসএইচ