বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৪:১৫ পিএম
ফাইল ছবি

কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দ্বিতীয় মেয়াদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন।

৩৮ বছর বয়সী জয় শাহ ২০৩০ সালের শেষ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। ২০২৪ সালের আগস্টে তিনি প্রথমবার আইসিসির চেয়ারম্যান হয়েছিলেন। এর আগে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয় শাহ। তিনি জানান, বোর্ড পরিচালকদের অব্যাহত বিশ্বাস ও সমর্থনে তিনি গভীরভাবে সম্মানিত। বিশ্ব ক্রিকেটের উন্নয়নে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

ক্রিকেটকে আরও শক্তিশালী করার প্রত্যয় জানিয়ে জয় শাহ বলেন, তাঁদের দায়িত্ব শুধু সফল আয়োজন নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদারসহ সব অংশীজনের কথা মাথায় রেখে খেলাটির জন্য একটি শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। মানুষকে একত্র করার সক্ষমতাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন তিনি।

ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে আইসিসি চেয়ারম্যান বলেন, ক্রিকেট ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে নতুন দর্শক ও প্রজন্মের কাছে খেলাটিকে পরিচিত করার একটি বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি।

এসএইচ