দেশের ২০ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, সতর্ক সংকেত জারি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২, ২০২৬, ০৯:০২ এএম

দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্প সময়ের মধ্যে ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, শনিবার (২ মে) দুপুর ১টার মধ্যে অন্তত ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে এই ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগের রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে জানানো হয়, সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় এই আবহাওয়া পরিস্থিতি দেখা দিতে পারে।

কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। এতে নিচু এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

তবে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এম