ঢাকা: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। লঘুচাপের কারণে সারাদেশেই কম বেশি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আর দেশের চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে। পূর্বাভাসের মধ্যেই দুপুরের দিকে রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয়েছে।
সোমবার (২৫ মে) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
সোমবার সকাল থেকেই রাজধানীর আকাশে কালো মেঘ জমতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় বৃষ্টি। মুষলধারে চলতে থাকা এই বৃষ্টি টানা আড়াই ঘণ্টা অব্যাহত ছিল। দুপুর পৌনে ১টার দিকে বৃষ্টি কমতে শুরু করে। তবে আকাশজুড়ে মেঘের আনাগোনা অব্যাহত রয়েছে।
দীর্ঘ সময় ধরে চলা বৃষ্টির কারণে রাজধানীর অনেক জায়গা পানিতে তলিয়ে যায়। এতে করে ঘর থেকে বের হওয়া নগরবাসী এক প্রকার ভোগান্তির মধ্যে পড়ে যায়।
পূর্বাভাবে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিং ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিকে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট ও ঝিনাইদহ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
পিএস