সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডার অনুভূতি। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত থাকছে কুয়াশার উপস্থিতি। তবে সকাল গড়িয়ে সূর্য ওঠার পরই বদলে যাচ্ছে আবহাওয়া। ঝলমলে রোদে দিনের বেলায় অনুভূত হচ্ছে উষ্ণতা। দিন ও রাতের তাপমাত্রার এমন ওঠা-নামার মধ্যেই পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নেমেছে সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াসে।
সোমবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
এরআগে, গতকাল রোববার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ,একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৫ডিগ্রি।
অন্যদিকে, রোববার জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ডিগ্রি সেলসিয়াস। ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশ স্পষ্ট হয়ে ওঠেছে।
শীতের মৌসুম এখনো পুরোপুরি শুরু না হলেও ক্রমশ তাপমাত্রা হ্রাসে পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে ওঠছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি থাকলেও দিনের বেলায় রোদের উষ্ণতায় আবহাওয়া থাকছে অনেকটাই স্বাভাবিক।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। রাত যত গভীর হয়,শীতের অনুভূতিও বাড়ে। ভোর পর্যন্ত কুয়াশা দেখা যায়। এ সময় অনেকে শীতের পোশাক গায়ে জড়াচ্ছেন। তবে দিনের বেলায় রোদের কারণে শীতের অনুভূতি অনেকটাই কমে যাচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিতেন্দ্রনাথ রায় বাসস’কে বলেন, সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এম