• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন


বরিশাল প্রতিনিধি  এপ্রিল ১৮, ২০২৫, ০৭:৫১ পিএম
মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল: সিটি করপোরেশনের ২০২৩ সালের নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সিটি করপোরেশনের সর্বস্তরের জনগণ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালের সিটি নির্বাচনে মুফতি ফয়জুল করিম ‘হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ও দলীয় প্রশাসনের সহায়তায় তাকে জোরপূর্বক পরাজিত ঘোষণা করা হয়। 

তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বিসর্জন দিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেছে এবং ভোটের দিন সহিংসতা, হামলা ও জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছিল।

বক্তারা বলেন, বরিশালের জনগণ প্রকৃত বিজয়ীকে মেয়র হিসেবে দেখতে চায়। তারা সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও সিটি নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা করেন মুফতি ফয়জুল করিম। মামলায় তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে তাকে বিজয়ী ঘোষণার আবেদন জানান। তার পক্ষে মামলাটি দাখিল করেন আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির।

এআর

Link copied!