• ঢাকা
  • বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি মামলা


লক্ষ্মীপুর প্রতিনিধি জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:৫৫ পিএম
লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি মামলা

ফাইল ছবি

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ জন ও বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। 

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ৩টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চরশাহীতে বিএনপি-জামায়াতের মধ্যে মারামারির ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে। 

এরআগে, শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতা হেজবুল্লাহ সোহেল ও বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করেছেন। 

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়। একই ঘটনায় চরশাহী ইউনিয়ন বিএনপির কর্মী কামাল হোসেন ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করেছেন। 

এদিকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমাদের মহিলা কর্মীদের প্রোগ্রামে বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়। এটি মীমাংসা হয়েছিল। এর পরই তারা ফের আমাদের পুরুষ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

অন্যদিকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জামায়াতের লোকজন ভোটারদের কাছ থেকে আইডি কার্ড সংগ্রহ করে। ঘটনার সূত্রপাত সেখান থেকে। তবে উভয় পক্ষের মধ্যে অপরাধপ্রবণতা দেখা দিয়েছে। আমি শুধু বিএনপির আহত নেতাকর্মী নয়, হাসপাতালে জামায়াতের নেতাকর্মীদেরও দেখতে গিয়েছি। তাদের সঙ্গে কথা বলেছি। এটি সুষ্ঠু তদন্ত করে সুন্দর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চরশাহী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বটগাছতলা এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ একে অপরকে দায়ী করেছে। 

এসএইচ 

 

Wordbridge School
Link copied!